জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যে সংবিধান ফ্যাসিবাদী, সে সংবিধান আমরা চাই না।’ বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত সদর উপজেলা শাখার ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ১৯৭১ সালের সংবিধানকে তিনি ‘শেখ মুজিবের সংবিধান’ হিসেবে উল্লেখ করে বলেন, এই সংবিধানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসনের পথ তৈরি হয়েছে। তার অভিযোগ, এ সংবিধানের কারণেই সাম্প্রতিক সময়সহ বিভিন্ন রাজনৈতিক সংকটে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়নের শিকার হতে হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করা গেলে ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে এবং তা প্রতিরোধের আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অবৈধ ঠিকাদারি কার্যক্রম নিয়েও সতর্কবার্তা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যাদের বৈধ লাইসেন্স নেই, তাদের যেন কোনোভাবেই কাজ করতে না দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের এসব বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। অবৈধভাবে ঠিকাদারি করতে আসা ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনের কাছে সোপর্দ করার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে যেভাবে প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার প্রবণতা ছিল, এখনো তা অব্যাহত রাখার চেষ্টা চলছে।