আফগান সফরে তুরস্কের গোয়েন্দাপ্রধান: নিরাপত্তা জোরদারে বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই দ্বিপক্ষীয় নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আফগানিস্তান সফর করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন। সফরকালে তিনি দেশটির রাজধানী কাবুল ও কান্দাহারে আফগান সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তুরস্কের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইব্রাহিম কালিন আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের প্রধান আবদুল হক ওয়াসিক, উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি এবং প্রতিরক্ষামন্ত্রী মাওলভি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে পৃথক ও যৌথ বৈঠক করেন।

বৈঠকগুলোতে আঙ্কারা ও কাবুলের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সার্বিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাব, সন্ত্রাসবিরোধী যৌথ লড়াই, মানবপাচার প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত মাদক চোরাচালান দমনের বিষয়গুলো এসব বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, আঙ্কারা ও কাবুলের মধ্যকার নিরাপত্তা ও গোয়েন্দা সমন্বয় আরও সুদৃঢ় করাই ছিল এই উচ্চপর্যায়ের সফরের মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের সঙ্গে তুরস্কের এই যোগাযোগ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস দমন এবং আন্তঃদেশীয় অপরাধ নিয়ন্ত্রণে যৌথ তৎপরতা আরও বেগবান করবে।

Home R3