আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের অর্থনীতি দুর্বল হবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞার পথ থেকে সরে এসে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বারাদার বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আফগানিস্তানে বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করতে পারবে না এবং দেশের অর্থনীতিকেও দুর্বল করতে সক্ষম হবে না।
আফগানিস্তান-এর জাওজান প্রদেশের ইয়াতিম তাক এলাকায় একটি সিমেন্ট কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য বিদেশি আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি। “স্বনির্ভরতা অর্জন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়,”—উল্লেখ করেন তিনি।
মোল্লা বারাদার জানান, বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে জাওজান প্রদেশে একটি সিমেন্ট উৎপাদন কারখানা নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং কাঁচামাল রপ্তানির পরিবর্তে দেশে শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার।
দেশীয় উৎপাদন বাড়াতে ইমারাতে ইসলামিয়া সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন আফগান এই শীর্ষ নেতা।
সূত্র: হুরিয়াত রেডিও