৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অতীতের যেকোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির হয়েছে: সড়কমন্ত্রী

এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। বড় ধরনের দুই-তিনটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়া যাত্রা মোটেই বিঘ্নিত হয়নি।

শেখ রবিউল আলম জানান, এবার দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকা কিংবা যানবাহনের অভাবে বাড়ি ফিরতে না পারার মতো সমস্যা দেখা যায়নি। বিপুলসংখ্যক মানুষ নিরাপদ ও স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

দুর্ঘটনার দায় প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে তার আগ্রহ নেই। তবে প্রাথমিক তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে রেলওয়ের এক ঘটনায় দুইজন গার্ডকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়েছে, এবং দায়িত্বে থাকা সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় সৌহার্দ্য পরিবহনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট কোম্পানির সব যানবাহনের রুট পারমিট ও নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানিয়েছেন, এবারের ঈদে “৩০০ মৃত্যু” সংক্রান্ত খবর সঠিক নয়। তিনি বলেন, দুর্ঘটনা হলে বিআরটিএ ও রোডস এন্ড হাইওয়ে অথরিটি মিলিয়ে তথ্য সংগ্রহ করা হয়।